শনিবার (২৮ নভেম্বর) দেশের তিন জেলার চার উপজেলায় বিভিন্ন সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বার্ষিক রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত এবং বিদ্যুৎ লাইনের আশপাশের ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কারণে এসব এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
কুড়িগ্রামের রাজারহাট ও উলিপুর, শরীয়তপুরের গোসাইরহাট এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, রাজারহাট উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা উপজেলার সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে সরবরাহ স্বাভাবিক করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে আগেই বিদ্যুৎ চালু হতে পারে।
অন্যদিকে, উলিপুর উপকেন্দ্র-১-এর ১ নম্বর ফিডারের আওতায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় মধ্যবাজার থেকে হাসপাতাল, আজমের মোড়, খাওনার দরগা, মধ্যপাড়া, বলদিপাড়া ও ডারার পাড় এলাকায় বিদ্যুৎ থাকবে না।
উলিপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মোসাদ্দেকুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, কাজের স্বার্থে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
এছাড়া, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
গোসাইরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময় গোসাইরহাট-১ উপকেন্দ্রের আওতাধীন ৩সি ও ৬এফ ডাবল সার্কিট ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে ধীপুর, গোসাইরহাট পৌরসভা, বিনটিয়া, হাটুরিয়া, নলমুড়ি, আবুপুর, মিয়ার হাট, চরভূয়াই, দেশভূয়াই, চরমনপুরা ও খুনের চরসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এদিকে, জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সাড়ে পাঁচ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর কাশিয়াডাঙ্গা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীর দফতর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি লাইনের কাছাকাছি থাকা গাছপালার শাখা-প্রশাখা কাটা হবে। এ কাজের জন্য সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত মিয়াপুর টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি এবং সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হড়গ্রাম টু কাশিয়াডাঙ্গা ৩৩ কেভি ফিডারের আওতাধীন ১১ কেভি মিয়াপুর, দামকুড়া, কসবা, নবগঙ্গা, আই-বাঁধ ও রায়পাড়া ফিডারের সব এলাকায় বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত ৩৩ কেভি এসিআই গোদরেজ ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে নেসকো।

