নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজের কারণে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১৫টি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ফিডারগুলোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হলো-কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃ-কাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া। ফলে এসব এলাকার বাসিন্দা ও গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। কাজ শেষ হওয়ার সাথে সাথেই যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

