গাছের ডালপালা ছাঁটাই ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় আজ সোমবার প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে বিকেল পর্যন্ত নির্ধারিত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
রবিবার (২৫ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় কুমরুল, রামাগাড়ী, আটঘড়িয়া এবং কালিকাপুরের বজুর আলী মোড়সহ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন হতে পারে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।


