...|...|...

বিশ্ব

শত্রুর চাপ সত্ত্বেও এগিয়ে যাবে ইরান: মোজতবা খামেনি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, রাত ১২:১৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:২০
Shares
শত্রুর চাপ সত্ত্বেও এগিয়ে যাবে ইরান: মোজতবা খামেনি

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, শত্রুদের চাপ ও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ইরান তার উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দেশের অভ্যন্তরীণ ঐক্য ও সক্ষমতার ওপর জোর দিয়ে তিনি জনগণকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, “সামাজিক সংহতি ক্ষুণ্ণ করে এমন যেকোনো কর্মকাণ্ড নিষিদ্ধ।” তিনি এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, যা জাতীয় মনোবল দুর্বল করে এবং মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে।

বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা ক্রমবর্ধমান নিষেধাজ্ঞা ও অন্যান্য চাপের মধ্যেও সরকারের কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দেশের জ্বালানি সম্পদের সঠিক ব্যবস্থাপনায় সরকার কাজ করে যাচ্ছে।

খামেনি আরও বলেন, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব মোকাবিলা, আমদানি ব্যবস্থাপনায় সতর্কতা, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনীতিতে মার্কিন ডলারের নির্ভরতা কমানোর মাধ্যমে একটি “শক্তিশালী ইরান” গড়ে তুলতে হবে।

তিনি উল্লেখ করেন, “শত্রুর কর্মকাণ্ডের প্রভাব থাকলেও” ইরান অভ্যন্তরীণ বিষয়গুলোর দক্ষ ব্যবস্থাপনা, দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং জনগণের সক্ষমতাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে সক্ষম।