চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে লরির ধাক্কায় একটি লোকাল বাস উল্টে চাপা পড়ে মাইশা মুশফিরাত নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই সহপাঠী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দুটি লরি সামনাসামনি যাওয়ার পর একটি লরি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থীর ওপর পড়ে। তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়। আহত অপর দুই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন। পথে লোকাল বাসের ধাক্কায় তারা দুর্ঘটনার শিকার হন।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ওই শিক্ষার্থীকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।


