লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাটে ছয়টি বালু মহালের অফিস ও একটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভের অনুসারী বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় বালু মহালের একজন আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মজুচৌধুরীহাট বালুর ঘাট এলাকায় মোটরসাইকেলে করে ১২ থেকে ১৫ জনের একটি দল গিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তাদের দাবি, হামলাকারীদের হাতে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা পাঁচটি অফিস ও একটি দোকানে ভাঙচুর চালিয়ে দিনভর বিক্রির টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, সন্ধ্যায় তার বালুমহালের অফিসে হামলা চালানো হয়েছে। দোকানের টাকা-পয়সা, সিসিটিভি ক্যামেরাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। কে বা কারা ছাত্রদলের নাম দিয়ে ঘটিয়েছে। স্থানীয় ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা কিছুই জানে না। আরও কয়েকটি বালু মহালে হামলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, সকালে মজু চৌধুরীর হাট এলাকায় ছাত্রলীগ মিছিল করেছে। বিকালেও করার খবর পেয়ে ছাত্রদল সেখানে যায়। তবে ছাত্রদল কোন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেনি। এটি ছাত্রলীগ করে হয়তো ছাত্রদলের উপর ধায় চাপিয়ে দিচ্ছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, মজুচৌধুরীহাটে বালুর গদিতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শক করেছে। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


