ফেসবুকে নিজের মৃত্যুর জন্য জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদককে দায়ী করে পোস্ট এবং প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে বদলি করা হয়েছে। তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জ উপজেলা ভূমি অফিস থেকে সরিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করার কথা বলা হয়েছে। আদেশটি দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিভাগীয় কমিশনারের নির্দেশে আরিফুর রহমান শান্তকে জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে বদলি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটি পোস্ট দেওয়া হয়। একটিতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক (ইউএনও) দায়ী থাকবেন।’ অন্য পোস্টে লেখা হয়, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’ পোস্ট দুটি ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই রাতেই আরিফুর রহমান শান্তর আচরণে অস্বাভাবিকতা দেখা যায়। এ সময় আনসার সদস্যদের মারধর এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগও ওঠে।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এর আগে একটি ঘটনায় শিশুর লাশ দেখার পর থেকে আরিফুর রহমান শান্ত মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছিলেন। এর প্রভাবে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে তারা উল্লেখ করেন।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আরিফুর রহমান শান্ত ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


