...|...|...

খেলা

রোনালদোর ৯৭৮তম গোলে আল নাসরের টানা চতুর্থ জয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, সকাল ৮:৪৯ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:১৪
Shares
রোনালদোর ৯৭৮তম গোলে আল নাসরের টানা চতুর্থ জয়

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে আল নাসর। পিছিয়ে পড়েও আল তাওয়ুনকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রিয়াদের ক্লাবটি। দলের এই জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার জয়সূচক গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জেতে আল নাসর।

শুক্রবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০:০০ টায় রিয়াদের আল আউয়াল পার্কে গতকাল অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই ধাক্কা খায় আল নাসর। ১১ মিনিটে বাসেম মোহাম্মদ আলহুরাইজি গোল করে আল তাওয়ুনকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে অবশ্য সমতায় ফেরে স্বাগতিকরা। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রোনালদোর স্বদেশি সামু কস্তা গোল করে ১-১ করেন।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও ভালোভাবে নেয় আল নাসর। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র পাঁচ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। মোহাম্মদ সিমিকানের নেওয়া শট গোলমুখে আসার পর ছয় গজ দূরত্ব থেকে ডান পায়ের দারুণ এক ফ্লিকে বল জালে পাঠান পর্তুগিজ তারকা।

এরপর আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। এ নিয়ে চলতি মৌসুমে চার ম্যাচের সবকটিতেই জয় পেল দলটি। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানও ধরে রেখেছে তারা। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আল হিলাল।

ব্যক্তিগতভাবেও রোনালদোর জন্য ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। এই গোলের মাধ্যমে পেশাদার ফুটবলে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৭৮। ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে ৪১ বছর বয়সী এই কিংবদন্তির প্রয়োজন আর ২২ গোল। চলতি মৌসুমে আল নাসরের হয়ে এটি তার দ্বিতীয় গোল প্রথমটি করেছিলেন আল রিয়াদের বিপক্ষে।