২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। স্পেন ও অ্যান্ডোরায় টুর্নামেন্টটি সম্প্রচারের অধিকার নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে স্পেনে প্রথমবারের মতো পুরুষদের বড় কোনো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট সম্প্রচারে যুক্ত হচ্ছে নেটফ্লিক্স।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে সম্প্রচার স্বত্ব পেতে নেটফ্লিক্স কত অর্থ ব্যয় করেছে, তা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠানটি।
চুক্তি অনুযায়ী, স্পেনে বিশ্বকাপের প্রতিদিনের খেলা থেকে একটি ম্যাচ বিনা মূল্যে দেখার সুযোগ থাকবে। পাশাপাশি দেশটিতে একটি ফ্রি-টু-এয়ার চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট কিছু ম্যাচ সম্প্রচার করা হবে। এর মধ্যে থাকবে স্পেনের সব ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল। তবে এই চ্যানেলের নাম জানায়নি নেটফ্লিক্স।
চলতি বছরের বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের ম্যাচগুলো সম্প্রচার করেছিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক টিভিই (TVE)। অন্যদিকে, মিডিয়াপ্রোর পে-টিভি বিশ্বকাপ চ্যানেল বিতরণকারী বেসরকারি প্ল্যাটফর্ম ডিএজেডএন (DAZN) টুর্নামেন্টের ১০৪টি ম্যাচই দেখিয়েছিল।
নতুন চুক্তির বিষয়ে টিভিইর কাছে জানতে চাওয়া হলে, বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের স্বত্ব কেনার বিষয়ে আগ্রহী কি না, সে সম্পর্কে মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।
উত্তর আমেরিকায় চলতি বছরের বিশ্বকাপ জিতেছে স্পেন। ২০৩০ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে টুর্নামেন্টের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়েতে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল উরুগুয়ে।
বিশ্ব ক্রীড়া সম্প্রচারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে নেটফ্লিক্স। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০২৭ সালের নারী বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। ব্রাজিলে অনুষ্ঠিতব্য ওই আসরের পাশাপাশি ২০৩১ সালের নারী বিশ্বকাপও সম্প্রচার করবে নেটফ্লিক্স। ২০৩১ সালের টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করবে কোস্টারিকা, জ্যামাইকা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও সম্প্রচার কার্যক্রম বাড়াচ্ছে নেটফ্লিক্স। প্ল্যাটফর্মটিতে ইতোমধ্যে এনএফএল, এমএলবি, ডব্লিউডব্লিউই, বক্সিং ও মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) আয়োজন সম্প্রচারিত হচ্ছে। স্পেনে ২০৩০ বিশ্বকাপের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানটির ক্রীড়া সম্প্রচার ব্যবসা সম্প্রসারণের আরেকটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


