রিয়াল মাদ্রিদে থাকতেই ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলার ইচ্ছা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। এমনটাই জানিয়েছেন ফ্রান্স ফুটবলের সাবেক প্রধান সম্পাদক ও ব্যালন ডি’অরের সাবেক দায়িত্বপ্রাপ্ত পাসকাল ফেরে। তবে সেই ইচ্ছা শেষ পর্যন্ত পূরণ হয়নি পর্তুগিজ এই তারকার।
ইউরোস্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে পাসকাল ফেরে জানান, ২০১৬ সালে পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জয়ের পর রোনালদোর সাথে এক নৈশভোজে দেখা হয়েছিল তার। সেখানে ফ্রান্স ফুটবলের আরও ১৫ থেকে ২০ জন কর্মী উপস্থিত ছিলেন। ওই আড্ডায় রোনালদো বলেছিলেন, একদিন পিএসজির জার্সি গায়ে পার্ক দে প্রিন্সেসে খেলতে চান তিনি। সে সময় গ্যালারিতে তাকে স্বাগত জানাতে থাকবেন ৫০ হাজার পর্তুগিজ সমর্থক।
ফেরের বর্ণনা অনুযায়ী, রোনালদো কথাটি কিছুটা রসিকতার ছলে বলেছিলেন। তবে পিএসজির হয়ে খেলার আকাঙ্ক্ষা তার মধ্যে সত্যিই ছিল। প্যারিসে বিপুলসংখ্যক পর্তুগিজ মানুষের বসবাসও ক্লাবটির প্রতি রোনালদোর আগ্রহের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
শেষ পর্যন্ত অবশ্য পিএসজির জার্সিতে মাঠে নামা হয়নি রোনালদোর। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন তিনি। এরপর খেলেছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো বড় ক্লাবে খেলা রোনালদোর ক্যারিয়ারে পিএসজি থেকে গেছে অপূর্ণ এক সম্ভাবনা হিসেবে।


