স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও অনুসারী হিসেবে আমরা তার জীবনাচার ও জীবনাদর্শ অনুসরণ করে চলব।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য ধর্মাবলম্বী, সংখ্যায় কম হোক বা বেশি, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ- সবাই মিলেই আমরা বাংলাদেশে আছি। এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। সবার নাগরিক অধিকার সমান।
‘কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও অনুসারী হিসেবে আমরা তার জীবনাচার ও জীবনাদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করেই চলব- এটাই আমাদের প্রকৃত মুসলমানিত্ব। এ বিষয়ে আমরা সবাই একমত। আর যারা অন্য ধর্মাবলম্বী, তারা নিজ নিজ ধর্ম পালন করবেন। এটি তাদের নিজস্ব বিষয়’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, এটাই এই খতমে নবুওয়াত সম্মেলনের মূল নির্যাস। তা বাস্তবায়নের জন্য হুজুরদের পক্ষ থেকে এবং সম্মেলনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া সব সময় ছিল, এখনো আছে। আমরা বলেছি, আমরা তা আইনে আনবো ইনশাআল্লাহ। যেটা সম্ভব হবে, সবাইকে সাথে নিয়েই তা বাস্তবায়ন করব।
দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসনামলে ছিলাম। জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম। যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে সব আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, গরিব ভাই-বোনদের, আমাদের আলেমদের হত্যা করা হয়েছে। তাদের প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত নিরূপণ করা যায়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, একটা কিতাব বের করা হয়েছে, যেখানে ছবিসহ অনেকের নাম-ঠিকানা পরিচয় বের করা সম্ভব হয়েছে। সেটা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। কিন্তু এখনো সবার নাম-ঠিকানা, পরিচয়, কে কোথায় দাফন হয়েছেন- বের করা যাচ্ছে না, সব তথ্য এখনো নেই।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনাদের কাছে দাবিও রেখেছিলাম যে আপনারা একটা নিয়মিত মামলা দায়ের করেন। আপনারা করেছিলেন। সেই মামলার সূত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিটি ট্রাইব্যুনালে সেই মামলা এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে ইনশাআল্লাহ।
‘সেই অপশক্তি বাংলাদেশে এখনো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে সীমান্তের ওপার থেকে, আপনারা জানেন। তারা এমন অনাচার, এমন অগ্নিসন্ত্রাসের সৃষ্টি করছে, যার মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত, বিপন্ন হতে পারে। কিন্তু আপনারা, আমরা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে, অত্যন্ত ধৈর্যশীলতার সাথে সেই পরিস্থিতি মোকাবিলা করব ইনশাআল্লাহ’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।
গার্মেন্টস এলাকায় অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় শিল্পাঞ্চলে অহেতুক অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে, উসকানির মধ্য দিয়ে শ্রমিক ভাইদের ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। তাদের জন্য ন্যায্য মজুরি, মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেজন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। গত দুয়েকদিন আগে সেই মজুরি ঘোষণা করা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করেছেন। কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারীরা শ্রমিক ভাইদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তারা কারা? তারা ওরাই, যারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
মন্ত্রী বলেন, আমরা তাদের চিহ্নিত করেছি। যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের আমরা চিহ্নিত করেছি। তাদের উসকানি সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আসছে। তারা বলছে, আগুন লাগিয়ে দিতে। তাদের এখানে লুকায়িত যেসব নেতাকর্মী আছেন, তাদেরকে তারা ইন্ধন জোগাচ্ছেন, উসকাচ্ছেন, আগুন লাগানোর জন্য নির্দেশ দিচ্ছেন।
তিনি বলেন, বাংলাদেশের এই মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে, যা তাদের পূর্ব ইতিহাস। সেটা কখনো এ দেশে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। আমরা এ দেশে সবাই ঐক্যবদ্ধ আছি।


