পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদের বিনিময়ে ইউক্রেনকে নিজেদের ভূখণ্ডের একটি অংশ রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো ওয়াশিংটনের পক্ষ থেকে এমন প্রস্তাবের বিষয়টি আলোচনায় আনা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সাথে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাবও রাশিয়া প্রত্যাখ্যান করেছে বলে দাবি করেছেন তিনি।
বার্তাসংস্থা এএফপি জানায়, শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক বক্তব্যে জেলেনস্কি এসব তথ্য জানান। এর আগে শুক্রবার ডেনমার্ক ও আয়ারল্যান্ড সফর শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। দেশ দুটিতে ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই দিনব্যাপী শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় এই সংঘাত বন্ধে আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। অবশ্য ভবিষ্যতের আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো একমত হয়েছে।
জেলেনস্কি জানান, আলোচনায় মার্কিন প্রতিনিধিরা প্রথমবারের মতো ন্যাটোর সদস্যপদের সাথে ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের বিষয়টি যুক্ত করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, ইউক্রেন যদি ন্যাটোর সদস্যপদ পায়, তাহলে দেশটি কি দনবাস অঞ্চল থেকে নিজেদের সেনা প্রত্যাহার করবে? এর আগে কখনো এমন প্রশ্ন তোলা হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। পশ্চিমা দেশগুলো এসব নিশ্চয়তা নিশ্চিত করলে প্রস্তাবটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে ইউক্রেনের জনগণের মতামত নেওয়া হবে।
জেলেনস্কি বলেন, দেশের ভূখণ্ড ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর নেই। তাই কোনো সমঝোতায় পৌঁছানোর আগে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
আবুধাবির আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। পরে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে পৃথক বৈঠক করেন।
এদিকে, জেলেনস্কির দাবি, আবুধাবির বৈঠকে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করেছে। তাঁর ভাষায়, মস্কো জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে আগ্রহী নয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, আসন্ন শীতকালকে কেন্দ্র করে রাশিয়া সামরিক অভিযানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রাখার মাধ্যমে মস্কো নিজেদের কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা করছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে, দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে মানবিক কার্যক্রম পরিচালনার বিষয়ে পুতিনের প্রস্তাবকেও সন্দেহের চোখে দেখছেন জেলেনস্কি। তাঁর দাবি, মানবিক অভিযানের আড়ালে ইউক্রেনীয় সেনাদের শহরটি থেকে সরিয়ে দেওয়াই রাশিয়ার উদ্দেশ্য। এতে রুশ বাহিনীর জন্য পুরো শহর ও আশপাশের বসতি দখলের পথ সহজ হয়ে যেতে পারে।
রাশিয়া চলতি বছর কোস্তিয়ানতিনিভকা দখলের দাবি করলেও ইউক্রেন জানিয়েছে, সেখানে এখনো লড়াই চলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ বাহিনী ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হলেও এখনো পুরো দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণে নিতে পারেনি।
এ ছাড়া ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নতুন করে সাজানোর বিষয়ে ক্রেমলিনের দাবিকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তাঁর মতে, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোই মহাদেশটির প্রকৃত নিরাপত্তার প্রধান ভিত্তি।
জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউরোপের বিদ্যমান নিরাপত্তাকাঠামো পরিবর্তনের চেষ্টা নতুন যুদ্ধ কিংবা সংঘাতের তীব্রতা বাড়াতে পারে। তাই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো রাজনৈতিক সমঝোতা দীর্ঘস্থায়ী শান্তি আনতে পারবে না।



