...|...|...

ক্যাম্পাস

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ

রাবি প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২৬
Shares
রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেললাইন অবরোধ

রাজশাহী রেলওয়ে স্টেশনে রেলওয়ে স্টাফদের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী মারধরের শিকার হওয়ার প্রতিবাদে রেললাইন অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাবি স্টেশন বাজার এলাকায় রেললাইনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা রেললাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান।

রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ট্রেনের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। রেল কর্তৃপক্ষের দুইজন করে নামিয়ে নিয়ে আমরা ট্রেন ছেড়ে দেব।

তিনি আরও বলেন , রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত না হলে ‘মার্চ টু রাজশাহী রেলস্টেশন’ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, “রাজশাহী রেলওয়ে স্টেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীকে আনসার সদস্যরা আটক করে মারধর করেছেন। এর আগেও রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে। রেলওয়ের কর্মচারী, কর্মকর্তা ও টিটিদের মাধ্যমে শিক্ষার্থীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন।”

তিনি বলেন, এসব ঘটনার প্রতিবাদে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। ঘটনার সঙ্গে জড়িতদের এক ঘণ্টার মধ্যে গ্রেফতার, রেলওয়ে কর্তৃপক্ষের ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। রাতের মধ্যে কার্যকর সমাধান না হলে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা না করলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, ‘শিক্ষার্থীদের এভাবে পশুর মতো মারধর করা অগ্রহণযোগ্য, বিশ্ববিদ্যালয়ের ছাত্রের গায়ে হাত দেওয়া আমরা কখনোই মেনে নেব না’-জড়িতদের দ্রুত শাস্তির আশ্বাস দিয়েছেন রাবি উপাচার্য।

উল্লেখ্য, রবিবার রাতে চাচাকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে রেলওয়ে স্টাফদের মারধরের শিকার হন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলী। স্টেশনে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাদের পক্ষে কথা বলতে গেলে আইয়ুবকে মারধর করা হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার প্রতিবাদেই রেললাইন অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা।