...|...|...

বিশ্ব

রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:১৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০৩
Shares
রাতে থাইল্যান্ডে পৌঁছাবে মার্কিন রণতরী, আটক করা হচ্ছে যৌনকর্মীদের

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ । ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে থাইল্যান্ডের পাতায়ায় পৌঁছাচ্ছে। প্রায় পাঁচ হাজার সেনাসমৃদ্ধ রণতরীটি নোঙর করার আগেই শহরটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সংক্রামক ব্যাধি প্রতিরোধে যৌনকর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতোমধ্যে প্রায় ৫০ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হয়ে প্রথমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করা হয় ইউএসএস আব্রাহাম লিংকন। পরবর্তীতে ইরান যুদ্ধ শুরুর এক মাস আগে, গত জানুয়ারিতে এটিকে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হয়।

টানা ২০০ দিনেরও বেশি সময় যুদ্ধক্ষেত্রে সাগরে অবস্থান করায় রণতরীর সেনাসদস্যদের মধ্যে তীব্র মানসিক অবসাদ দেখা দেয়। এমনকি একাধিক সেনার আত্মহত্যার চেষ্টা এবং গত সপ্তাহে এক সেনা সমুদ্রে ঝাঁপ দেওয়ার মতো ঘটনা ঘটে। এর পর মূলত সেনাসদস্যদের দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্যান ডিয়েগোতে ফেরার পথেই ক্রুদের মানসিক ক্লান্তি দূর ও বিশ্রামের জন্য পাতায়ায় এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি দেওয়া হচ্ছে।

একসাথে পাঁচ হাজার মার্কিন সেনার আগমনে স্থানীয় পর্যটন ও ব্যবসা চাঙ্গা হওয়ার আশা করছেন ব্যবসায়ীরা। পাতায়ার মেয়র পরামাসে নগামপিচেস জানান, প্রতি সেনাসদস্য দিনে ১ হাজার থেকে ৩ হাজার থাই বাত পর্যন্ত খরচ করতে পারেন। তবে শৃঙ্খলা ও জনস্বাস্থ্য অক্ষুণ্ন রাখতে স্থানীয় প্রশাসন কড়া নজরদারি বজায় রাখছে।