...|...|...

জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০৭
Shares
রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ ছাড়া রাজনৈতিক বিবেচনায় এখনো যেসব মামলা রয়েছে, সেগুলো নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হলে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে আইনমন্ত্রী এসব তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, এ লক্ষ্যে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।

মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে সেটির বিচার চালিয়ে যাওয়া প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না-এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রত্যাহারের সুপারিশ করে জেলা কমিটিগুলো।

মো. আসাদুজ্জামান আরও জানান, জেলা পর্যায়ের কমিটিগুলোর সুপারিশ পর্যালোচনা ও সমন্বিতভাবে মামলা প্রত্যাহারের কার্যক্রম পরিচালনার জন্য একই বছরের ৮ মার্চ তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, মামলা প্রত্যাহারের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করা হবে। কোনো মামলা রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে সংসদে অপর এক প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, বিগত সময়ে বিভিন্ন নিয়োগে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে মঙ্গলবার দুপুর থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।