সরকারি হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস সেবা নিরবচ্ছিন্ন রাখতে ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডোর মেডিকেইডস প্রাইভেট লিমিটেডের সাথে বিদ্যমান চুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৯ নভেম্বর স্যান্ডোরের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের ১০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০১৬ সালের নভেম্বরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে প্রতিষ্ঠানটির সাথে এ চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তী সময়ে ২০১৭ সালের ৪ মার্চ স্যান্ডোর পরিচালিত ডায়ালাইসিস কেন্দ্রগুলোর কার্যক্রম শুরু হয়।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশের বৃহত্তর স্বার্থে ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে আমরা ইতোমধ্যে ডায়ালাইসিস মেশিন কেনার জন্য টেন্ডার আহ্বান করেছি। উন্নতমানের ডায়ালাইসিস মেশিন দেশে আসার পর সেগুলো হাসপাতালে স্থাপন করা হবে।’
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন ডায়ালাইসিস মেশিন কেনা ও হাসপাতালগুলোতে স্থাপন করতে সরকারের প্রায় ছয় মাস সময় লাগতে পারে। এ সময়ে সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে স্যান্ডোরের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মেশিন স্থাপন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত স্যান্ডোরের মাধ্যমেই সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা চালু থাকবে।


