রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এসআরবি-১০-এর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রঘুরামপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. লাভলী বেগম (৩৬), টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামের নুর আলমের স্ত্রী মোছা. আমেনা (২৬) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার পায়েরগাতি গ্রামের রাসেলের স্ত্রী মোছা. সাবিনা (২৫)।
এসআরবি জানায়, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি চেকপোস্ট বসানো হয়। পরে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন নারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


