রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মো. হৃদয় আহমেদ ওরফে কালা (১৯) নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ক্যান্টনমেন্ট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কুর্মিটোলা হাসপাতালের সামনে থেকে হৃদয় আহমেদকে গ্রেফতার করা হয়। তিনি ক্যান্টনমেন্ট থানা যুবলীগের সক্রিয় কর্মী বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার হৃদয় আহমেদ ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক উপাদানাবলী আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


