চট্টগ্রামের রাউজানে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত করিম উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকার বাসিন্দা। তিনি মো. শফীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে কেরানী হাট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে করিম গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, করিমকে বুকে গুলি করে হত্যা করা হয়। পরে তার লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, কেরানী হাট এলাকায় একজন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। গোলাগুলির ঘটনা কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। জেলা পুলিশের তথ্যের বরাতে প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী, গত সাড়ে ২২ মাসে উপজেলায় ২৪টি হত্যাকাণ্ডের মামলা হয়েছে। সর্বশেষ ১৩ জুন পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ গুলিতে নিহত হন। এরপর বৃহস্পতিবার রাতে কেরানী হাট এলাকায় মো. করিম নিহত হলেন।


