চট্টগ্রাম নগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
পুলিশের এই বদলির ঠিক আগেই কোতোয়ালি থানা এলাকায় দুটি ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর মধ্যে একটি হলো প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নগরের পাথরঘাটার সতীশ বাবু লেনে একটি রিকশা থামিয়ে দুই ব্যক্তি এক যাত্রীকে ছুরি দেখিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিচ্ছেন। পরে তারা ব্যাটারিচালিত অটোরিকশায় করে পালিয়ে যান।
ঘটনাটি ঘটে কোতোয়ালি থানার ঠিক পেছনেই। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হলে পুলিশ স্বপ্রণোদিত হয়ে অভিযান চালায়। পরে মনির হোসেন নামের একজনকে গ্রেফতার এবং ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। অন্য দুজনকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া, সম্প্রতি নগরের লালখানবাজার-কাজীর দেউড়ি সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। জনবহুল এলাকায় প্রকাশ্যে এমন মিছিলের পর কোতোয়ালি থানা পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন ওঠে।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যকে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৩ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Release) করা হয়েছে বলে গণ্য করা হবে।


