...|...|...

খেলা

যে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, সকাল ৮:৪৩
Shares
যে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই

ছবি: সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা, রোমাঞ্চ আর প্রতিদ্বন্দ্বিতার অন্যরকম আবহ। রাজনৈতিক বৈরিতা ও মাঠের লড়াই মিলিয়ে দুই দলের মুখোমুখি হওয়া সব সময়ই ক্রিকেটপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। তবে এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার শুরু হয়েছিল আজকের এই দিনে, ৭৪ বছর আগে।

১৯৫২ সালের ১৬ অক্টোবর দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমান অরুণ জেটলি স্টেডিয়াম) প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম লড়াইয়ে ইনিংস ও ৭০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছিল ভারত। তিন দিনের মধ্যেই ম্যাচটি জিতে পাঁচ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পাঁচ বছর পর ওই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পাকিস্তানের। অন্যদিকে, ভারতের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল আরও আগে। ১৯৩২ সালের ২৫ জুন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভারতের।

ঐতিহাসিক ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নিজেদের প্রথম ও একমাত্র ইনিংসে ৩৭২ রানের বড় সংগ্রহ গড়ে দলটি। জবাবে পাকিস্তানের প্রথম ইনিংস থেমে যায় মাত্র ১৫০ রানে। ফলে ফলো-অনে পড়ে সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান। এবার তাদের ইনিংস শেষ হয় ১৫২ রানে। তাতে ইনিংস ও ৭০ রানের ব্যবধানে জয় নিশ্চিত হয় ভারতের। দুই দলের ক্রিকেটীয় প্রতিদ্বন্দ্বিতার সূচনালগ্নেই বড় ব্যবধানে হারের মুখ দেখতে হয় পাকিস্তানকে।

সেই শুরুর পর থেকে সময়ের সাথে ভারত-পাকিস্তান ক্রিকেটের লড়াই পেয়েছে ভিন্ন মাত্রা। দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনও প্রভাব ফেলেছে মাঠের প্রতিদ্বন্দ্বিতায়। ফলে এই দ্বৈরথ এখন আর কেবল ব্যাট-বলের লড়াইয়ে সীমাবদ্ধ নেই এর সাথে জড়িয়ে আছে আবেগ, জাতীয় মর্যাদা ও কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা।