...|...|...

সারাদেশ

যুবসমাজ ধ্বংসের লক্ষ্যেই বাংলাদেশে মাদক পাঠানো হয়: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৮
Shares
যুবসমাজ ধ্বংসের লক্ষ্যেই বাংলাদেশে মাদক পাঠানো হয়: ত্রাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

যুবসমাজকে ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশে মাদক পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে, যাতে বাংলাদেশ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। যুবসমাজ নষ্ট হয়ে গেলে দেশও ক্ষতিগ্রস্ত হবে।’

রবিবার (১৫ নভেম্বর) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার রমনী মোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, ‘অতীতে ক্ষমতার লোভে দেশকে অচল করে দেওয়ার নীলনকশা করা হয়েছিল। এর অংশ হিসেবে যুবশক্তিকে দুর্বল করার পরিকল্পনাও ছিল। বর্তমানে দেশের ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকের সাথে জড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, ‘ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে মাদক প্রবেশ করানো হচ্ছে, যার মূল লক্ষ্য যুবসমাজকে ধ্বংস করা।’

সামাজিক অবক্ষয় ও ধর্মীয় মূল্যবোধের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মসজিদের সভাপতি নির্বাচনের ক্ষেত্রে অনেক সময় ব্যক্তির অর্থসম্পদকে গুরুত্ব দেওয়া হলেও সেই অর্থের উৎস যাচাই করা হয় না। ঘুষ কিংবা মাদকের টাকায় দান করে প্রশংসা পাওয়ার চেষ্টা করলেও তা গ্রহণযোগ্য নয়। এসব বিষয় সামাজিকভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। মাদক সেবন করে পাশাপাশি নামাজ আদায়ের প্রবণতাও সমাজের জন্য উদ্বেগজনক।’

তাই মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশে ত্রাণমন্ত্রী বলেন, ‘যৌতুক ও বাল্যবিয়ের রেজিস্ট্রি করলে সংশ্লিষ্ট কাজির লাইসেন্স সরাসরি বাতিল করা হবে। বিয়ের নিবন্ধনের আগে বর-কনের বয়স যথাযথভাবে যাচাই করতে হবে।’

পাশাপাশি বিয়ের অনুষ্ঠানেই বর-কনের হাতে কাবিননামা বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেন তিনি। এসব নিয়মের ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন।

‘আলোকিত লালমনিরহাট’-এর কালীগঞ্জ উপজেলা অ্যাকশন কমিটি আয়োজিত সভায় আরও বক্তব্য দেন জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব ও পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, উপজেলা অ্যাকশন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুরে মওলা।

অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মধ্যে ‘আলোকিত লালমনিরহাট’-এর পোশাক বিতরণ করেন মন্ত্রী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।