ইরান অনির্দিষ্টকাল যুদ্ধ চালিয়ে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারককে চলমান সংকট থেকে বেরিয়ে আসার সবচেয়ে কার্যকর পথ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) রাজধানী তেহরানে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন পেজেশকিয়ান। তার বক্তব্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, ‘না যুদ্ধ, না শান্তি’—এমন অবস্থান থেকে একসময় ইরানকে বেরিয়ে আসতেই হবে। দেশের স্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এই পরিস্থিতির অবসান প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের ভাষ্য, ইসলামাবাদ সমঝোতা বাস্তবায়ন করা গেলে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধগুলো যুক্তিসংগত ও সম্মানজনকভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, আলোচনায় সরাসরি যুক্ত ব্যক্তিরাও এই সমঝোতাকে সংকট সমাধানের সবচেয়ে ভালো পথ হিসেবে বিবেচনা করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পেজেশকিয়ান জুনের মাঝামাঝি ইসলামাবাদ সমঝোতা স্মারকে সই করেন। চুক্তিটির আওতায় ৬০ দিনের মধ্যে যুদ্ধের অবসান এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আলোচনা চালানোর কথা ছিল। তবে সেই সময়সীমা গত সপ্তাহে শেষ হলেও দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা হয়নি।
পেজেশকিয়ান আরও বলেন, বর্তমান অনিশ্চয়তার কারণে ইরানে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য দেশের ওপর থাকা ঝুঁকি কমানো জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ইরানের নতুন জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজায়ি যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় কোনো প্রতিবেশী দেশ সহযোগিতা করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে পেজেশকিয়ানের কূটনৈতিক সমাধানের আহ্বানের পাশাপাশি তেহরানের কট্টরপন্থী অংশের কঠোর অবস্থানও স্পষ্ট হয়েছে।


