ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান ‘যুদ্ধকালীন পরিস্থিতিতে’ ইসলামাবাদ যে সমর্থন ও সহযোগিতা দিয়েছে, তা প্রশংসার যোগ্য।
শনিবার (৪ জুন) তেহরানে পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। গিলানি ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফরে যান।
বৈঠকে গালিবাফ পাকিস্তানি সংসদীয় প্রতিনিধিদলের উপস্থিতিকে স্বাগত জানিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি ‘রমজান যুদ্ধ’ চলাকালে পাকিস্তানের জনগণ ও সরকারের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “আমরা পাকিস্তানের জনগণ ও কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ; পাকিস্তানের জনগণ সুখে-দুঃখে আমাদের বন্ধু।”
এ সময় তিনি ইরান-পাকিস্তান সম্পর্ককে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ রাজা গিলানি ইরানের প্রতি সমবেদনা জানান এবং খামেনেইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে সরকারি দায়িত্বে থাকার সময় তিনি একাধিকবার ইরান সফর করেছেন এবং দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠভাবে প্রত্যক্ষ করেছেন।
তিনি আরও বলেন, ইরানের অগ্রগতি ও উন্নয়ন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
গিলানি সংসদীয় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, ইরান ও পাকিস্তানের আইনসভাগুলোর মধ্যে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। জনগণের মধ্যে সম্পর্ক এবং পারস্পরিক উচ্চ পর্যায়ের যোগাযোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলেও তিনি মন্তব্য করেন।
সূত্র: মেহের নিউজ


