ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। তিনি বলেন, যুদ্ধের পর বিশ্ব পরিস্থিতি বদলে গেছে। যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো প্রভাবশালী অবস্থানে নেই।
রবিবার (২২ নভেম্বর)সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই এসব মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘২০২৬ সালের ইরান ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে, ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই সময়ের যুক্তরাষ্ট্র নয়। তারা এখন যুদ্ধে পরাজিত একটি দেশ, বিজয়ী নয়।’
বিশ্বব্যবস্থায় পরিবর্তন এসেছে উল্লেখ করে রেজাই আরও বলেন, ‘বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবিগুলো বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নিতে পারবে না।’
মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনুষ্ঠিত দুটি ঐতিহাসিক সম্মেলনের প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান নিয়ে এসব মন্তব্য করেন ইরানের এই শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।
১৯৪৩ সালে অনুষ্ঠিত তেহরান সম্মেলনে নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের কৌশল নির্ধারণে একত্র হয়েছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতারা।
এর দুই বছর পর, ১৯৪৫ সালে ইয়াল্টা সম্মেলনে মিলিত হন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্টালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে অনুষ্ঠিত ওই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার রূপরেখা নিয়ে আলোচনা হয়।
ইরানের দাবি, বর্তমান বিশ্ববাস্তবতা সেই সময়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। ফলে অতীতের ক্ষমতার ভারসাম্যের ভিত্তিতে বর্তমান বিশ্বব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়।


