যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং ‘শিশুহত্যা’র অভিযোগ এনে তাদের বিচারের দাবি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
রবিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, ২০২৫-২৬ সালে ইরানের ওপর পরিচালিত আগ্রাসন এবং শিশুহত্যার সাথে জড়িত ব্যক্তিদের দেশের প্রচলিত আদালতের পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও বিচারের মুখোমুখি করতে হবে।
খামেনির মতে, মার্কিন ও ইসরায়েলি নেতাদের বিভিন্ন সময়ে দেওয়া প্রকাশ্য বক্তব্যই তাদের অপরাধের স্বীকারোক্তি হিসেবে বিবেচনা করা উচিত।
১৯৮১ সালে বোমা হামলায় নিহত ইরানের তৎকালীন প্রধান বিচারপতি আয়াতুল্লাহ মোহাম্মদ বেহেশতি এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যে উল্লেখ করা ২০২৫ সাল মূলত ওই বছরের জুন মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘটিত ১২ দিনের সংঘাতকে নির্দেশ করে।
এ সময় তিনি ‘শিশুহত্যা’র ভয়াবহ উদাহরণ হিসেবে মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ বালিকা প্রাথমিক বিদ্যালয়ে হামলার বিষয়টি তুলে ধরেন।
ইরান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে ওই বিদ্যালয়ে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষকসহ ১৭৫ জনের বেশি মানুষ প্রাণ হারান, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ছিল।

