...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২০
Shares
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল

ছবি: সংগৃহীত

নির্মাণকাজের সময় ভুলবশত ফাইবার অপটিক লাইন কেটে ফেলায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে বিমান চলাচলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এই ঘটনায় অন্তত শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয় জানায়, নিউ জার্সিতে দেশটির যাত্রীবাহী রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘অ্যামট্রাক’-এর নির্মাণকাজ চলাকালে ফাইবার অপটিক লাইনটি কেটে যায়।

এতে টেলিযোগাযোগব্যবস্থা পুরোপুরি অচল হয়ে পড়লে উত্তর-পূর্বাঞ্চলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের লাগার্ডিয়া ও ফিলাডেলফিয়া বিমানবন্দরে সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হলেও নিউয়ার্ক ও জেএফকে বিমানবন্দরে কার্যক্রম স্থগিত রাখা হয়। তিনি এই ঘটনাকে পুরোনো অবকাঠামো আধুনিকায়নের জরুরি সতর্কবার্তা হিসেবে উল্লেখ করেন।

ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, কেবল নিউয়ার্ক বিমানবন্দরেই ১৬৮টি ফ্লাইট বাতিল ও ৯৭টি বিলম্বিত হয়েছে। অন্যদিকে ফিলাডেলফিয়া বিমানবন্দরে ৬৩টি ফ্লাইট বাতিল এবং ১৮৯টি ফ্লাইট বিলম্বের মুখে পড়ে।

এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, মূল টেলিযোগাযোগ লাইনে ত্রুটির পাশাপাশি বিকল্প হিসেবে রাখা ফাইবার লাইনটিও বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিস্থিতি জটিল রূপ নেয়। তিনি জানান, মূল ব্যবস্থা সচল করা হলেও বিকল্প লাইনটি সম্পূর্ণ মেরামত করতে অন্তত ১৩ ঘণ্টা সময় লাগতে পারে।