যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মূল ভূমিকম্পের পর ৪০টিরও বেশি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে। এতে বিভিন্ন দোকান, বাড়িঘর ও লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) এ ভূমিকম্প আঘাত হানে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শনিবার সকালে ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচ উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।
ভূমিকম্প ও পরবর্তী কম্পনে হারমোসা বিচ এলাকার বোচ্চাতো’স গ্রোসারিজ নামের একটি দোকানে কয়েক শ ওয়াইন ও মদের বোতল তাক থেকে পড়ে ভেঙে যায়। এতে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
দোকানটির প্রতিনিধি জে হেরন বিবিসিকে জানান, প্রথম ভূমিকম্পের সময় দোকান বন্ধ ছিল। তবে পরবর্তী কম্পনের সময় দোকানে ক্রেতারা উপস্থিত ছিলেন। সে সময়ও তাক থেকে অসংখ্য বোতল মেঝেতে পড়ে ভেঙে যায়।
হেরন বলেন, ‘কয়েক ঘণ্টার ব্যবধানে আমাদের দুবার ক্ষতি হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ আমাদের অনেক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হয়েছে। সবকিছু হারাইনি, তবে অনেক কিছুই হারিয়েছি।’
ভূমিকম্পপ্রবণ এলাকায় দোকানের তাক থেকে পণ্য পড়ে যাওয়া ঠেকাতে সাধারণত তার দিয়ে সুরক্ষাব্যবস্থা তৈরি করা হয়। তবে ওই দোকানে এমন কোনো ব্যবস্থা ছিল না।
এ বিষয়ে হেরন বলেন, তাকগুলোতে কোনো সুরক্ষাব্যবস্থা ছিল না, কারণ আগে আমাদের এমন ব্যবস্থার প্রয়োজন হয়নি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ভূমিকম্পে কেউ আহত হননি। কোনো ভবনের কাঠামোগত ক্ষতির খবরও পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে বিভিন্ন এলাকায় দমকল বাহিনীর সদস্যদের পাঠানো হয়।
এদিকে ভূমিকম্পের প্রভাব পড়েছে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও (এলএএক্স)। কম্পনের কারণে বিমানবন্দরের জানালার কাচ ভেঙে যায়। বন্ধ করে দেওয়া হয় টার্মিনালের একটি চলাচলের পথ। এ ছাড়া ছাদের পানির পাইপ ভেঙে পানি পড়ার দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভূমিকম্পের সময় ডেল্টা এয়ারলাইনসের একটি উড়োজাহাজ অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ কম্পন শুরু হলে বিমান চলাচল নিয়ন্ত্রক উড়োজাহাজটিকে অবতরণ বাতিল করে পুনরায় ওপরে উঠে যাওয়ার নির্দেশ দেন।
বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের অডিও রেকর্ডিংয়ে নিয়ন্ত্রককে বলতে শোনা যায়, ‘ডেল্টা ১৯৭২, আবার ওপরে উঠে চক্কর দিন। ডেল্টা ১৯৭২, আবার ওপরে উঠে চক্কর দিন। এখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।’
পরে নিয়ন্ত্রকের নির্দেশ মেনে অবতরণের চেষ্টা বাতিল করেন পাইলট। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় সামগ্রিক ফ্লাইট পরিচালনায় কোনো বিঘ্ন ঘটেনি। আহত হওয়ার খবরও পাওয়া যায়নি।
ক্যালিফোর্নিয়ায় প্রায়ই ছোটখাটো ভূমিকম্প অনুভূত হলেও এক দশকের বেশি সময় ধরে ওই এলাকায় এ মাত্রার কম্পন অনুভূত হয়নি। একই সঙ্গে এত বেশি আফটারশকের ঘটনাও বিরল।
জে হেরন জানান, ১৯৯৪ সালের নর্থরিজ ভূমিকম্পের পর এত বড় কম্পনের কথা তার মনে পড়ে না। সে সময় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ৫৭ জন নিহত হন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল সড়ক ও বিভিন্ন স্থাপনার।
বিবিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে ভূমিকম্পের ঝুঁকিতে আলাস্কার পরেই রয়েছে ক্যালিফোর্নিয়া। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গড়ে প্রতি তিন মিনিটে একটি ভূমিকম্প হয়। তবে অধিকাংশ কম্পনই এত মৃদু যে মানুষ তা অনুভব করতে পারেন না। প্রতিবছর অঞ্চলটিতে ৪ মাত্রার বেশি ভূমিকম্প আঘাত হানে প্রায় ১৫ থেকে ২০টি।


