মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে উড়তে উড়তেই জন্মদিনের কেক কাটলেন এক নারী। শুধু তা-ই নয়, নিজের জন্য জন্মদিনের গানও গাইলেন তিনি। ভারতের হিমাচল প্রদেশের বীর বিলিংয়ে প্যারাগ্লাইডিংয়ের সময় এমন ব্যতিক্রমী জন্মদিন উদ্যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনা নিয়ে রোমাঞ্চকর খেলাধুলার নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষিত পাইলটের সাথে প্যারাগ্লাইডিং করার সময় ওই নারী হাতে কেক নিয়ে তা কাটেন। আকাশে ভাসমান অবস্থায় নিজের জন্য জন্মদিনের গান গাইতেও দেখা যায় তাকে।
ভিডিওর শুরুতে প্যারাগ্লাইডিংয়ের পাইলটকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘দেখুন, ম্যাডাম এখন তার জন্মদিনের কেক কাটতে যাচ্ছেন।’
ব্যতিক্রমী এই উদ্যাপনের ভিডিও ধারণ করার সময় ওই নারীকে কেক ফেলে না দেওয়ার জন্যও সতর্ক করেন পাইলট।
আকাশে জন্মদিন উদ্যাপনের বিষয়টি রোমাঞ্চকর মনে হলেও এ নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলেছেন অনেকেই। উড়ন্ত অবস্থায় হাতে কেক রাখা ও তা কাটার কারণে যাত্রীর মনোযোগ বিঘ্নিত হতে পারে। পাশাপাশি প্যারাগ্লাইডিংয়ের সময় শরীরের নির্ধারিত অবস্থান বজায় রাখাও কঠিন হয়ে পড়তে পারে।
উড্ডয়নের সময় কীভাবে কেকটি সাথে নেওয়া হয়েছিল এবং আয়োজক প্রতিষ্ঠানের অনুমতি কিংবা তত্ত্বাবধানে এমন আয়োজন করা হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে শুধু ভিডিও দেখে কোনো নিরাপত্তাবিধি লঙ্ঘন করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
‘হিমাচল’ নামের একটি ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে ১৬ হাজারের বেশি বার দেখা হয়েছে। মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। প্যারাগ্লাইডিংয়ের মাঝপথে জন্মদিন উদ্যাপনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
একজন লিখেছেন, ‘তিনি কেক সাথে নিয়ে গেলেনই বা কেন? প্যারাগ্লাইডিং তো এসব করার জন্য নয়।’
নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আরেকজন লিখেছেন, ‘আচ্ছা, তাহলে বলুন, আপনাদের মতে প্যারাগ্লাইডিংয়ের নিরাপত্তাবিধি কী? আকাশে কি প্লাস্টিক ফেলা হচ্ছে? পাইলট কি পরিস্থিতি সম্পর্কে অবগত নন, নাকি আবহাওয়া অস্থিতিশীল?’
আরেকজন সমালোচনা করে লিখেছেন, ‘মানুষ কত ধরনের বোকামি করে!’


