...|...|...

বিশ্ব

মিয়ানমারে স্কুলে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩০

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৮
Shares
মিয়ানমারে স্কুলে ভয়াবহ বিমান হামলা, নিহত ৩০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধমঠে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, স্কুলশিক্ষার্থী ও বিদ্রোহী যোদ্ধা রয়েছেন। বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন একটি গ্রামে ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী ও মিয়ানমারের বিরোধী পক্ষের জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এনইউজি ও অন্তর্বর্তী মাগওয়ে ফেডারেল ইউনিট সরকারের যৌথ বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিনবাউংওয়ে টাউনশিপের একটি স্কুল ও বৌদ্ধমঠ প্রাঙ্গণে হামলা চালায় সামরিক বাহিনী। বিমান হামলার পাশাপাশি গোলাবর্ষণ ও ড্রোন হামলা চালানো হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন লাত ও স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাগরিক এবং বিদ্রোহী বাহিনীর নয় সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীর দাবি, হামলার সময় ওই এলাকায় কোনো সংঘর্ষ চলছিল না। তবে বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটির মধ্য দিয়ে যাতায়াত করতেন।

অন্যদিকে, জান্তা সমর্থিত কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়েছে, বিদ্রোহী যোদ্ধাদের সমাবেশ ও একটি সমাপনী অনুষ্ঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সরকারের কাছে মন্তব্য চেয়েও তাৎক্ষণিক সাড়া পায়নি রয়টার্স।