ইসরায়েলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই ক্ষমতা ছাড়তে রাজি নন। আরও তিন থেকে চার মাস প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর গাদি আইজেনকোটের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান তিনি।
রবিবার (২৯ নভেম্বর) দুই নেতার নির্ধারিত বৈঠকের আগে ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ জানিয়েছে, জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনায় ক্ষমতা হস্তান্তরের নতুন এই শর্ত তুলে ধরতে পারেন নেতানিয়াহু। নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক সূত্রের দাবি, ইরানের সাথে সম্ভাব্য উত্তেজনার কথা বিবেচনায় রেখে আরও কিছুদিন প্রধানমন্ত্রীর পদে থাকতে চান তিনি।
তবে শনিবার প্রকাশ্যে দেওয়া প্রস্তাবে এমন কোনো শর্তের কথা জানাননি নেতানিয়াহু। বরং ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় প্রথমে আইজেনকোটকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি।
ইসরায়েলের আরেক সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, ইরানের সাথে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় নির্দিষ্ট সময়সীমা ছাড়াই প্রধানমন্ত্রীর পদে থাকতে চান নেতানিয়াহু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ক্ষমতা হস্তান্তরে রাজি হতে পারেন তিনি। তবে এমন প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন আইজেনকোট।
এদিকে লিকুদ পার্টির একটি সূত্রের বরাতে দৈনিক হারেৎজ জানিয়েছে, ইরানের দিক থেকে ইসরায়েলের অস্তিত্বের প্রতি হুমকি রয়েছে—এমন যুক্তি সামনে এনে আইজেনকোটের ক্ষমতা গ্রহণ বিলম্বিত করার চেষ্টা করতে পারেন নেতানিয়াহু।
জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে রোববার বৈঠকে বসতে সম্মত হয়েছেন দুই নেতা। এর আগে নেতানিয়াহুকে তার প্রস্তাবের আন্তরিকতা প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন আইজেনকোট। তার অভিযোগ, প্রায় তিন সপ্তাহ ধরে সরকার গঠনের আলোচনা ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রেখেছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
অন্যদিকে, লিকুদের সাথে জাতীয় ঐক্যের সরকার গঠন নাকি আরব দলগুলোর সমর্থন নিয়ে নতুন সরকার গঠনের চেষ্টা করা হবে—এ নিয়ে আইজেনকোটের রাজনৈতিক জোটেও মতবিরোধ দেখা দিয়েছে।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে আইজেনকোটের জোটের হাতে রয়েছে ৪৮টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। অন্যদিকে, আরব দলগুলোর দখলে রয়েছে ১৯টি আসন।
আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সরকার গঠনের সময় পেয়েছেন আইজেনকোট। নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় চাওয়ার সুযোগ রয়েছে তার।


