অধিকৃত পশ্চিম তীরে এক গাড়িচাপা দেওয়ার কথিত ঘটনায় ইসরায়েলি সেনাসদস্য হিসেবে কর্মরত নিজের ছেলে গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। ওই ঘটনায় এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি পুলিশের এক সংক্ষিপ্ত বিবৃতির বরাত দিয়ে জানানো হয়, রামাল্লাহর পশ্চিমে বেইত হোরন নামক অবৈধ ইসরায়েলি জনপদের কাছাকাছি একটি চৌকিতে এক সেনাসদস্যকে লক্ষ্য করে গাড়িচাপা দেওয়ার চেষ্টার পর ইসরায়েলি বাহিনী ওই ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করে।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত লেইটার জানান, চিকিৎসকরা তার ছেলে নেরিয়া গভ বেন চানার জীবন বাঁচাতে এখন ‘সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছেন’। পরবর্তীতে জেরুজালেমের শারে জেদেক হাসপাতাল জানিয়েছে, ওই সেনাসদস্যের একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তার জীবন এখনও শঙ্কামুক্ত নয়।
আল জাজিরার বরাতে জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাসপাতালেও গিয়ে আহত এই সেনাসদস্যকে দেখে আসেন। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু লেখেন, আমি সম্প্রতি নেরিয়া লেইটারের প্রিয় পরিবারের সাথে দেখা করেছি... আমি আপনাদের নেরিয়া গভ বেন চানার সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি। পুরো জাতি আপনাদের পাশে রয়েছে।
এর আগে আরেকটি পোস্টে নেতানিয়াহু লিখেছিলেন, আমার স্ত্রী সারা এবং ইসরায়েলের সকল মানুষ একযোগে একটি অলৌকিক নিরাময়ের জন্য প্রার্থনা করছি।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্রদূত লেইটারের অপর এক ছেলে মোশে ইয়েদিদিয়া (৩৯) নিহত হয়েছিলেন।


