তীব্র ও প্রাণঘাতী দাবদাহের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে ৪ঠা জুলাই স্বাধীনতা দিবসের একাধিক আয়োজন ব্যাহত ও বাতিল করা হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে রেকর্ডভাঙা তাপমাত্রা জনজীবন ও উৎসবমুখর পরিবেশে বড় ধরনের প্রভাব ফেলেছে।
রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও কয়েক ঘণ্টা পর তা আবার চালু করা হয়। আয়োজকরা জানান, দর্শক, স্বেচ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। একই দিনে মেলায় তাপজনিত অসুস্থতায় অন্তত ১১ জনকে হাসপাতালে নিতে হয়েছে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলে প্রায় ১৬ কোটি ৫০ লাখ মানুষ অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার মধ্যে দিন কাটাচ্ছেন। ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ১০৩–১০৪ ডিগ্রি (৪০ ডিগ্রি সেলসিয়াস) ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, আর আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা ১১০ ডিগ্রিরও (ফারেনহাইট) বেশি হতে পারে।
এ অবস্থায় নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড থেকে শুরু করে কলোরাডো পর্যন্ত বহু অঙ্গরাজ্যে বড় বড় জনসমাগম ও শোভাযাত্রা বাতিল করা হয়েছে। ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘স্যালুট টু ইন্ডিপেনডেন্স প্যারেড’ও নিরাপত্তার কারণে স্থগিত করা হয়।
তাপপ্রবাহের কারণে নিউইয়র্কে বছরের অন্যতম উষ্ণ দিন রেকর্ড হয়েছে এবং বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পুরো সপ্তাহান্তজুড়ে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার ঝুঁকিও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী হচ্ছে, যা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র: বিবিসি


