...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল এল-সায়েদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ২:২০
Shares
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন আবদুল এল-সায়েদ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। মিশিগানের গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন মিশরীয় বংশোদ্ভূত এই মার্কিন চিকিৎসক ও প্রগতিশীল নেতা।

সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়েই ইসলামবিদ্বেষী আক্রমণের মুখে পড়তে হয়েছে এল-সায়েদকে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিভিন্ন সময়ে তাকে লক্ষ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। একপর্যায়ে তাকে ‘জিহাদি’ বলেও অভিহিত করেন ট্রাম্প।

মিশিগানের একটি নির্বাচনী জনসভায় ট্রাম্প কটাক্ষ করে বলেছিলেন, ‘তিনিই হবেন একমাত্র সিনেটর, যাকে সিনেটে প্রবেশের আগে মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হবে।’

নিজের দলের ভেতরেও বিরোধিতার মুখে পড়েছিলেন এল-সায়েদ। গত আগস্টে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক সিনেট প্রাইমারিতে তার কাছে পরাজিত হওয়া হেইলি স্টিভেন্স পরে দলীয় অবস্থানের বাইরে গিয়ে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে সমর্থন দেন।

নির্বাচনে জয়ের পর নিজের প্রতিক্রিয়ায় এল-সায়েদ বলেন, ‘আমেরিকার শ্রেষ্ঠত্ব মানে আমাদের ত্রুটিগুলোকে উপেক্ষা করা নয়; বরং সেই ত্রুটিগুলো সংশোধন করার সাহস দেখানোই হলো প্রকৃত শ্রেষ্ঠত্ব।’

তিনি আরও বলেন, ‘কর প্রদান করা এবং সেই অর্থ যে আপনার ও আপনার সন্তানদের কল্যাণে ব্যয় হবে—এটি নিশ্চিত করা এত কঠিন হওয়ার কথা নয়। অথচ এই অর্থ অন্য কোনো দেশের মানুষ ও তাদের সন্তানদের ওপর বোমা ফেলার কাজে ব্যয় করা হচ্ছে।’

এ বক্তব্যের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ও বিদেশে যুদ্ধ পরিচালনার বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরেন নবনির্বাচিত এই সিনেটর।