যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের কারণে দেশটির সব বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এতে হাজার হাজার ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এফএএ দেশব্যাপী ‘গ্রাউন্ড স্টপ’ নির্দেশনা জারি করে। এর ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর থেকে নতুন করে উড়োজাহাজ উড্ডয়ন বন্ধ হয়ে যায়। তবে আগে থেকেই আকাশে থাকা ফ্লাইটগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হয়।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একাধিক আঞ্চলিক কেন্দ্রের যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেয়। বিশেষ করে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবস্থায় ত্রুটি শনাক্ত হয়। পরিস্থিতি বিবেচনায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি এড়াতে দেশজুড়ে উড্ডয়ন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
এফএএ জানিয়েছে, সংস্থাটির প্রযুক্তিবিদেরা যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণ শনাক্ত এবং স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কাজ করছেন। আন্তর্জাতিক রুট থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ফ্লাইটগুলোর বিষয়ে পরিস্থিতি অনুযায়ী পৃথক সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।
আকস্মিক এই নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। অনেক ফ্লাইটের যাত্রা স্থগিত হওয়ায় বিমানবন্দরের অপেক্ষমাণ এলাকায় যাত্রীদের ভিড় দেখা যায়। কোথাও যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়। আবার অনেক যাত্রীকে দীর্ঘ সময় পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর দেশব্যাপী উড়োজাহাজের উড্ডয়ন বন্ধের ঘটনা অত্যন্ত বিরল। এর আগে ২০২৩ সালের ১১ জানুয়ারি পাইলটদের জরুরি তথ্য সরবরাহকারী নোটিস টু এয়ার মিশনস (NOTAM) ব্যবস্থায় ত্রুটি দেখা দিলে দেশটির অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। ওই ঘটনায়ও হাজার হাজার ফ্লাইটের সময়সূচিতে বিপর্যয় ঘটে।
তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ, এবার সরাসরি বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে আকাশে থাকা উড়োজাহাজের অবস্থান, গতিপথ ও নিরাপদ দূরত্ব বজায় রাখতে পাইলটদের সঙ্গে যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। ফলে যোগাযোগব্যবস্থায় বড় ধরনের সমস্যা দেখা দিলে বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে।
এদিকে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ অবকাঠামোর আধুনিকায়ন নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। পুরোনো কম্পিউটার, যোগাযোগ সরঞ্জাম এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে দেশটির বিমান চলাচল ব্যবস্থায় বিভিন্ন সময়ে জটিলতা তৈরি হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ও পরিবহন বিভাগ বিমানবন্দর এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৩ হাজার ১০ কোটি ডলার বরাদ্দ চেয়েছে।
প্রস্তাবিত অর্থের মধ্যে ১ হাজার ১০ কোটি ডলার বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার প্রযুক্তিগত উন্নয়নে, ২০০ কোটি ডলার কন্ট্রোল টাওয়ার আধুনিকায়নে এবং ১ হাজার ৮০০ কোটি ডলার বিমানবন্দরের অবকাঠামো উন্নয়নে ব্যয়ের পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৫ সালে মার্কিন কংগ্রেস বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার উন্নয়ন ও দক্ষ কর্মী নিয়োগে পাঁচ বছরের জন্য ১ হাজার ২৫০ কোটি ডলার অনুমোদন করেছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দীর্ঘদিনের প্রযুক্তিগত ঘাটতি দূর করতে আরও বড় বিনিয়োগ প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এবং হোয়াইট হাউসের বাজেট বিভাগের পরিচালক রাসেল ভট আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বিমান চলাচলের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতে আধুনিক যোগাযোগব্যবস্থা, সফটওয়্যার এবং অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
সাম্প্রতিক এই বিপর্যয় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে বিশ্বের অন্যতম ব্যস্ত আকাশপথ পরিচালনার জন্য ব্যবহৃত প্রযুক্তির নির্ভরযোগ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, পিপল ম্যাগাজিন।


