...|...|...

বিশ্ব

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:২৮
Shares
যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে আয়োজিত এক বৈঠকে তিন অঞ্চলের শীর্ষ নেতারা এই চুক্তিতে সই করেন।

চুক্তিতে স্বাক্ষর করেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, ওয়েলসের প্লেইড কামরির নেতা রুন আপ ইওরওয়ার্থ এবং উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল ও শিন ফেইন প্রধান মেরি লু ম্যাকডোনাল্ড।

ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘ঐক্যবদ্ধ আয়ারল্যান্ড’ গড়ার আকস্মিক সমর্থনের পর যুক্তরাজ্য সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়াতে বিচ্ছিন্নতাবাদী দলগুলো এই পদক্ষেপ নিল।

চুক্তি অনুযায়ী, তিনটি অঞ্চলেরই স্বাধিকারের অধিকার স্বীকৃত হয়েছে। প্রতিটি জাতি নিজস্ব উপায়ে ও সময়ে যুক্তরাজ্য থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেবে এবং স্বাধীনতা অর্জনের পর আবার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেবে।

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার মিশেল ও’নিল বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দেশটিকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করতে পারবেন না। চোখের সামনে ঘটে চলা এই পরিবর্তনের স্রোত থামানো অসম্ভব।’

তবে এই চুক্তির তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। স্কটিশ কনজারভেটিভ পার্টি একে ‘যুক্তরাজ্যকে ধ্বংস করার ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র হিসেবেই শক্তিশালী এবং সরকার নতুন কোনো গণভোটে না গিয়ে জনগণের অর্থনৈতিক নিরাপত্তায় জোর দিচ্ছে।