...|...|...

বিশ্ব

যুক্তরাজ্য নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দিচ্ছে কানাডা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৩
Shares
যুক্তরাজ্য নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দিচ্ছে কানাডা

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য ও তার ইউরোপীয় অংশীদারদের সাথে সামরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য নেতৃত্বাধীন জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্স বা যৌথ অভিযাত্রী বাহিনীতে যোগ দেওয়ার আবেদন করেছে কানাডা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির বরাত দিয়ে এই ঘোষণা দেওয়া হয়।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেছেন যে কানাডা আনুষ্ঠানিকভাবে জয়েন্ট এক্সপিডিশনারি ফোর্সে যোগদানের জন্য আবেদন করেছে এবং এই গুরুত্বপূর্ণ উদ্যোগে কানাডার অংশগ্রহণকে যুক্তরাজ্য সমর্থন জানানোয় তাদের স্বাগত জানাচ্ছে।

যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সাথে প্রধানমন্ত্রী কার্নির সাক্ষাতের পর এই বিবৃতি প্রকাশ করা হয়। বৈঠকে দুই নেতা উভয় দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, এই জেএফ বা যৌথ অভিযাত্রী বাহিনীটি ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং যুক্তরাজ্য নিয়ে গঠিত।

কার্নির কার্যালয় জানায়, দুই প্রধানমন্ত্রী গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রাম বা বৈশ্বিক যুদ্ধ বিমান কর্মসূচির মাধ্যমে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার সুযোগগুলো নিয়েও আলোচনা করেছেন, যেটিতে গত জুলাই মাসে পর্যবেক্ষক হিসেবে যোগ দিয়েছিল কানাডা।

অন্যদিকে, ডাউনিং স্ট্রিট জানিয়েছে যে দুই নেতা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সুযোগ ও চ্যালেঞ্জগুলো নিয়ে মতবিনিময় করেছেন। তারা অভিন্ন উদ্বেগগুলো মোকাবিলা করতে এবং অনলাইন নিরাপত্তা সুরক্ষায় সরকার ও প্রযুক্তি খাতের একসাথে কাজ করার গুরুত্বের ওপর একমত হয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী বার্নহাম চলতি গ্রীষ্মে গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রামের প্রথম পর্যবেক্ষক দেশ হিসেবে কানাডার যুক্ত হওয়াকে স্বাগত জানিয়েছেন।