...|...|...

খেলা

ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ কার্ড কেন দিলেন রেফারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৪৬
Shares
ম্যাচ শেষে মেসিকে লাল-হলুদ কার্ড কেন দিলেন রেফারি

ছবি: সংগৃহীত

ফুটবলে রেফারির লাল ও হলুদ কার্ড সাধারণত শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে সেই কার্ডই হয়ে উঠল সম্মানের স্মারক। বেনিনের বিপক্ষে ম্যাচ শেষে রেফারি ফার্নান্দো ভেখার নিজের হাতে মেসির কাছে লাল ও হলুদ কার্ডের একটি সেট তুলে দেন। বিদায়ী ম্যাচের স্মৃতি হিসেবে পাওয়া বিশেষ এই উপহার নিজের কাছে রেখে দেন আর্জেন্টাইন তারকা।

বুধবার (৭ অক্টোবর) বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি শেষ হওয়ার পরই ঘটে এই বিশেষ মুহূর্ত। শেষ বাঁশি বাজানোর পর মাঠের আলো যখন মেসিকে ঘিরে, তখন তার দিকে এগিয়ে যান ম্যাচের রেফারি ফার্নান্দো ভেখার। হাতে থাকা লাল ও হলুদ কার্ড দুটি মেসির হাতে তুলে দেন তিনি। এগুলো কোনো শাস্তির কার্ড ছিল না বরং আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচের স্মৃতি হিসেবে সম্মান জানাতেই কার্ড দুটির সেট উপহার দেন রেফারি।

মেসির বিদায়ী ম্যাচটিও হয়েছে তার ক্যারিয়ারের সাথে মানানসই। বেনিনকে ৩-০ গোলে হারানোর ম্যাচে আর্জেন্টিনার তিন গোলেই সরাসরি অবদান রাখেন তিনি। নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজের গোলের পেছনে ছিল তার অ্যাসিস্ট। এরপর ৭১তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করে বিদায়ী ম্যাচকে আরও স্মরণীয় করে তোলেন মেসি।

ফলে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচে মেসির নামের পাশে যোগ হয়েছে এক গোল ও দুই অ্যাসিস্ট। আর্জেন্টিনার জার্সিতে এটি ছিল তার ২০৮তম ম্যাচ এবং সেই ম্যাচেই আসে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ গোল। আলবিসেলেস্তেদের হয়ে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২৬টি। পাশাপাশি তার অ্যাসিস্টের সংখ্যা ৭০।

বিদায়ী রাতের স্মৃতি হিসেবে শুধু লাল-হলুদ কার্ডই নয়, ম্যাচে ব্যবহৃত বলটিও মেসির হাতে তুলে দেওয়া হয়। ফলে ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ শেষে রেফারির দেওয়া বিশেষ কার্ড এবং ম্যাচের বল দুটিই মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ রাতের স্মারক হয়ে থাকল।