...|...|...

সারাদেশ

মেহেরপুরে যুবলীগ থেকে পদত্যাগের হিড়িক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২৪
Shares
মেহেরপুরে যুবলীগ থেকে পদত্যাগের হিড়িক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর কমিটির অনুমোদিত তালিকা প্রকাশের পর পদত্যাগের হিড়িক পড়েছে। কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ৮ জন পদত্যাগ করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কমিটির তালিকা প্রকাশের পর পদত্যাগকারীরা লিখিত পদত্যাগপত্র কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের কাছে পাঠান। সম্মতি ছাড়া কমিটির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন বলে জানান।

লিখিত আবেদন অনুযায়ী পদত্যাগকারীরা হলেন-গাংনী উপজেলা কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম, সাবেক যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আলমগীর বিশ্বাস রাহেল, লিখন উদ্দীন ও মাঝারুল ইসলাম।

গাংনী উপজেলায় ঘোষিত ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছোট ছেলে অ্যাডভোকেট হুমায়ন কবিরকে সভাপতি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গাংনী উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

প্রকাশিত কমিটিতে পদত্যাগকারী মজিরুল ইসলাম, আনোয়ার পাশা ও আব্দুল আলিমকে সহসভাপতি, আশিকুর রহমান আকাশকে সমাজকল্যাণ সম্পাদক এবং আলমগীর বিশ্বাস রাহেল, লিখন উদ্দীন ও মাঝারুল ইসলামকে সদস্য করা হয়।

পদত্যাগকারীরা জানান, নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান/সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন এবং এর অনুলিপি মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের কাছে দেওয়া হয়েছে।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, কমিটিতে নাম রাখার বিষয়ে তাদের সাথে কোনো আলোচনা করা হয়নি এবং তাদের সম্মতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে তারা পদত্যাগ করছেন।

তবে কমিটি ঘোষণার পর নেতৃত্ব নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে তীব্র সমালোচনা চলছে বলে একটি সূত্র জানিয়েছে।

কমিটিতে নাম অন্তর্ভুক্তি ও পদত্যাগের বিষয়ে জানতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের মেহেরপুর জেলা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে কোনো মাধ্যমেই তাদের পাওয়া যায়নি।