...|...|...

খেলা

মেসির বিদায়ী ম্যাচে বেনিনের প্রাপ্তি শূন্য, লভ্যাংশও পায়নি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, দুপুর ১২:০৭
Shares
মেসির বিদায়ী ম্যাচে বেনিনের প্রাপ্তি শূন্য, লভ্যাংশও পায়নি

ছবি: সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ী ম্যাচে ইতিহাসের অংশ হওয়ার সুযোগ পেয়েও শেষ পর্যন্ত হতাশা নিয়েই ফিরতে হয়েছে বেনিনকে। ম্যাচ শেষে আর্জেন্টিনার আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেনিনের কোচ জেরনো রোর। তার অভিযোগ, মেসির সাথে ছবি তোলা বা জার্সি বদলের সুযোগ তো দূরের কথা, আর্জেন্টিনার ড্রেসিংরুমের কাছেও যেতে দেওয়া হয়নি বেনিনের খেলোয়াড়দের।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর পাঁচটায় ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হয় বেনিন। ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয় আর্জেন্টিনা। দলের জয়ে একটি গোল করার পাশাপাশি আরও দুটি গোলে অবদান রাখেন মেসি। ম্যাচশেষে বেনিনের খেলোয়াড়দের মেসির সাথে দেখা বা জার্সি বদলের চেষ্টা ব্যর্থ হয় বলে জানান রোর।

ফরাসি রেডিও আরএমসির এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেন বেনিন কোচ। তিনি বলেন, ‘হ্যাঁ, এটা অত্যন্ত কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। সবচেয়ে দুঃখের বিষয় হলো, আর্জেন্টাইনরা আমাদের কিছুই দেয়নি। মেসির সাথে কোনো ছবি নয়, কোনো জার্সিও নয়। এমনকি আমাদের টানেলে বা ড্রেসিংরুমেও ঢুকতে দেওয়া হয়নি।’

রোর আরও বলেন, ‘নিরাপত্তাকর্মীরা কাউকেই ঢুকতে দেয়নি। কয়েকজন খেলোয়াড় জার্সি বদল করতে গিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম কাজটা কঠিন হবে। আমরা সবকিছু চেষ্টা করেছি, কিন্তু কিছুই পাইনি।’

মেসির জন্য আলাদা উপহারও প্রস্তুত রেখেছিল বেনিন। দেশটির জাতীয় পতাকার রং লাল, হলুদ ও সবুজের সমন্বয়ে সাজানো ফুলের তোড়া নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেই উপহারও মেসির হাতে তুলে দিতে পারেনি বেনিন দল। রোরের ভাষ্য, সেটিও শেষ পর্যন্ত মেসির কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

তবে একেবারে খালি হাতে ফিরতে হয়নি বেনিন কোচকে। ২০১৮ সালের মেসির একটি জার্সি তিনি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির হাতে তুলে দেন। পরে স্কালোনি জার্সিটিতে মেসির স্বাক্ষর করিয়ে সেটি রোরকে ফিরিয়ে দেন।

এ বিষয়ে রোর বলেন, ‘আমি মেসির ২০১৮ সালের একটি জার্সি স্কালোনিকে দিয়েছিলাম। তিনি মেসির কাছ থেকে সেটিতে স্বাক্ষর করিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছেন। এটাই শুধু পেয়েছি।’

এদিকে ফরাসি অনুসন্ধানী ক্রীড়া সাংবাদিক রোমাঁ মোলিনা বেনিনের পক্ষ থেকে আরও কিছু অভিযোগ সামনে এনেছেন। তার দাবি, ম্যাচটি খেলার পর বেনিন কোনো অতিরিক্ত অর্থ পায়নি। এমনকি ম্যাচ থেকে পাওয়া আয়ের কোনো অংশও দলটিকে দেওয়া হয়নি বলে দাবি করেছেন তিনি।