সর্বকালের সেরা ফুটবলার হিসেবে যাকে পুরো বিশ্ব একনামে চেনে, সেই লিওনেল মেসির জাদুকরী ক্যারিয়ার শুরুর আগেই থমকে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। ২০০০ সালে যখন ট্রায়াল দিতে বার্সেলোনার ঐতিহ্যবাহী একাডেমি ‘লা মাসিয়া’য় আসেন ১৩ বছর বয়সী মেসি, তখন তাকে নিয়ে বার্সার তিন কোচের মতামত ছিল সম্পূর্ণ ভিন্ন।
ফরাসি সাংবাদিক ফ্লোরেন্ত তুরসুতের বরাতে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ ২৬ বছর আগের সেই তিনটি গোপন মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রথম প্রতিবেদন
প্রথম কোচ মেসির টেকনিক্যাল দক্ষতার ভূয়সী প্রশংসা করেছিলেন। তার মতে, প্রখর দৃষ্টিশক্তি, ড্রিবলিং ও বুদ্ধিমত্তায় সমবয়সীদের চেয়ে মেসি অনেক এগিয়ে ছিলেন। কোচের ভাষায়, 'পেনাল্টি বক্সের ভেতরে সে অসাধারণ। তার একমাত্র দুর্বলতা হলো খর্বকায় গড়ন এবং শারীরিক শক্তির অভাব।'
দ্বিতীয় প্রতিবেদন
দ্বিতীয় মূল্যায়নটি ছিল হতাশাজনক। সেই কোচ ক্ষিপ্রতা স্বীকার করলেও ১৩ বছর বয়সী মেসির ১৪২ সেন্টিমিটার উচ্চতা নিয়ে ঘোর সংশয় প্রকাশ করেন। তার চূড়ান্ত মন্তব্য ছিল, 'আমার মনে হয় না তাকে দলে নেওয়া উচিত।' বয়স বাড়লেও মেসি বড়দের সাথে পাল্লা দিতে পারবেন কি না—তা নিয়ে প্রশ্ন তুলে দুই বছর পর ফের মূল্যায়নের পরামর্শ দেন তিনি।
তৃতীয় প্রতিবেদন
তৃতীয় কোচের মূল্যায়নে অবশ্য মেসির সম্ভাবনা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। তিনি ক্লাবকে কালক্ষেপণ না করে দ্রুত চুক্তির পরামর্শ দিয়ে লিখেছিলেন, 'এক অর্থে সে এক তরুণ ম্যারাডোনা। আমি হলে তাকে এখনই দলে নিতাম।'
অবশেষ বার্সেলোনা সেই ঝুঁকি নিয়েছিল বলেই তৈরি হয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সুন্দর রূপকথা। বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাসহ একের পর এক ট্রফি জেতার পর বর্তমানে ইন্টার মায়ামিতে খেলছেন এই আর্জেন্টাইন মহাতারকা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকাসহ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ৪৮টি ট্রফি জয়ের রেকর্ড এখন মেসির দখলে।

