বাহরাইন ও কুয়েতে ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে কাতার। দোহা এসব হামলাকে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দেওয়ার মতো ‘বিপজ্জনক পদক্ষেপ’ হিসেবে দেখছে।
বুধবার (১৮ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের নতুন হামলাগুলো আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চলমান রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিবৃতিতে বাহরাইন ও কুয়েতের ওপর হামলাকে দেশ দুটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য বিরোধী বলে উল্লেখ করা হয়।
একই সাথে প্রতিবেশী দুই উপসাগরীয় দেশের প্রতি সংহতি প্রকাশ করেছে কাতার।
দোহা সব পক্ষকে আন্তর্জাতিক আইনের নীতি মেনে চলার পাশাপাশি উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে ইরান জানিয়েছিল, কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


