ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী নির্বাচনে নেতানিয়াহু পুনরায় ক্ষমতায় ফিরলে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
টেলিভিশন চ্যানেল ‘এমএস নাউ’-এর ‘মর্নিং জো’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, ‘আমি ইসরায়েলকে ভালোবাসি, তবে নেতানিয়াহুর সরকার ও তার নীতিকে ঘৃণা করি। তেমনি আমি আমেরিকাকে ভালোবাসি, কিন্তু ট্রাম্পের সরকারের নীতি যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত খারাপ।’
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দুই দেশের জন্যই ক্ষতিকর উল্লেখ করে হিলারি বলেন, আগামী নির্বাচনের পর নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী হলে তার নতুন সরকারের বিষয়ে যুক্তরাষ্ট্রকে শক্ত অবস্থান নিতে হবে।
হিলারির এই বিস্ফোরক মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইসরায়েলে নির্বাচনী হাওয়া গরম হয়ে উঠেছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে বিরোধী দলগুলো এগিয়ে থাকলেও নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী জোট—কোনো পক্ষই সরকার গঠনের মতো সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না।
আসন্ন নির্বাচনের মাধ্যমে সপ্তম মেয়াদে ক্ষমতায় ফিরতে মরিয়া নেতানিয়াহু। তবে সাম্প্রতিক মাসগুলোতে তার জোটের শক্তি কমে আসায় রাজনৈতিক টিকে থাকার জন্য উগ্রপন্থীদের ওপর নির্ভরতা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে হিলারির মন্তব্য দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে।


