...|...|...

বিশ্ব

হরমুজ নিয়ে উপসাগরীয় দেশগুলোর সাথে বৈঠকে বসছে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:১০
Shares
হরমুজ নিয়ে উপসাগরীয় দেশগুলোর সাথে বৈঠকে বসছে ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে প্রতিবেশীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানের সালালাহ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওমানের মধ্যস্থতায় বৈঠকে ইরান, ওমান, ইরাকসহ পারস্য উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, অঞ্চলের দেশগুলোর মধ্যে বোঝাপড়া বাড়ানো এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য একটি অস্থায়ী নিরাপদ ব্যবস্থা তৈরি করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। তেহরান সতর্ক করেছে, তাদের ওপর মার্কিন হামলা অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোও ঝুঁকিতে পড়বে।

এদিকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিদের সাম্প্রতিক পদক্ষেপে লোহিত সাগর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মাত্র ১৮ ঘণ্টার সামরিক অভিযানে কৌশলগত বন্দরনগরী মোখা, ধুবাব ও মুরাদ দখল করে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে হুথিরা।

স্থলভাগের পাশাপাশি সমুদ্রপথেও অভিযান চালিয়ে বাব আল-মান্দাব প্রণালির কৌশলগত গুরুত্বপূর্ণ মায়ুন দ্বীপের দখল নিয়েছে হুথিরা। বর্তমানে জুকার দ্বীপে সরকারি বাহিনীর সাথে তাদের সংঘর্ষ চলছে।

হরমুজের পর বাব আল-মান্দাব প্রণালিতে এই নতুন অস্থিরতার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ছাড়িয়েছে।