...|...|...

সারাদেশ

মুক্তির পর সেনাসদস্য তিতাসকে বাঁচাতে কাঁধে তুলে দুর্গম পাহাড় পেরোন লিটু

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
মুক্তির পর সেনাসদস্য তিতাসকে বাঁচাতে কাঁধে তুলে দুর্গম পাহাড় পেরোন লিটু

বিশেষ সাক্ষাৎকারে পাহাড়ের অজানা ঘটনা বর্ণনা করলেন এসএম আসাদুজ্জামান লিটু। ছবি: টাইমস টুডে

উন্নত জীবনের মোহে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন একসময় অনেকের জন্যই দুঃস্বপ্নে পরিণত হয়, যার নির্মম চিত্র উঠে এসেছে মানবপাচারের শিকারে বন্দিশালা থেকে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার এসএম আসাদুজ্জামান লিটুর ভয়াবহ অভিজ্ঞতায়। কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ি বন্দিশালায় দীর্ঘদিন জিম্মি থাকার পর সেনাবাহিনীর অভিযানে মুক্ত হয়ে তিনি বর্ণনা করেছেন সেখানে চলা অবর্ণনীয় নির্যাতন, মুক্তিপণ আদায় এবং মানবপাচারকারীদের ভয়ংকর সব কথা।

প্রলোভনের ফাঁদে পা দিয়ে বন্দিদশার সেই বিভীষিকাময় দিন পার করার পাশাপাশি, এ অভিযানে অংশ নেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর এক বীর সদস্যের আত্মত্যাগের গল্পও উঠে এসেছে তার এই বিশেষ সাক্ষাৎকারে।

কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে মানবপাচারকারী চক্রের বন্দিশালা থেকে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়ার পর নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন লিটু। তিনি বলেন, সাগরপথে কেউ মালয়েশিয়া যাবেন না। সেখানে মানুষকে জিম্মি করে নির্যাতন করা হয়, মুক্তিপণ আদায় করা হয়। এমনকি মানুষের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির কথাও বলত মানবপাচারকারীরা।

লিটু জানান, কাজের প্রলোভনে তাকে কক্সবাজার থেকে টেকনাফে নিয়ে গিয়ে আট দিন ধরে জিম্মি করে রাখা হয়েছিল। ছোট একটি ঝুপড়িঘরে তার মতো আরও শতাধিক মানুষকে বন্দী করে রাখা হয়। সেখানে চলত শারীরিক ও মানসিক নির্যাতন, মারধর এবং মুক্তিপণ আদায়ের চেষ্টা। তার অভিযোগ, মুক্তিপণ দিতে না পারলে অনেক বন্দিকে আর ফিরে আসতে দেখেননি তিনি।

সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে সেনাবাহিনীর অভিযানের সময়। ওই অভিযানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিতাস শেখ। পরে বন্দিদশা থেকে মুক্ত লিটু সেনা সদস্যদের সহযোগিতায় গুলিবিদ্ধ তিতাসকে কাঁধে তুলে দুর্গম পাহাড় পেরিয়ে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কাছে হার মানেন ফরিদপুরের নগরকান্দার সন্তান তিতাস।

পাহাড়ের গোপন আস্তানায় অস্ত্রধারীদের পাহারা

লিটুর বর্ণনায়, বন্দিশালাটি ছিল অত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায়। সেখানে সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছানো কঠিন ছিল। চক্রের সদস্যদের কেউ অস্ত্র দেখাশোনা করত, কেউ রান্নার কাজ করত, আবার কেউ পাহাড়ের উঁচু স্থানে বসে পাহারা দিত।

খুইলা নামের এক ব্যক্তির কথা উল্লেখ করে লিটু জানান, ওই ব্যক্তি অস্ত্র মেরামতের কাজে ব্যস্ত থাকতেন। পাশাপাশি পাহাড়ের উঁচু স্থানে অবস্থান নিয়ে নজরদারিও করতেন।

তার দাবি, চক্রের সদস্যদের কাছে দেশীয় তৈরি কার্তুজভিত্তিক অস্ত্র ও কাটা রাইফেল ছিল। এ ছাড়া ওই দলে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেওয়া তিনজনও ছিলেন। তারা বন্দিদের কিনে নিয়ে যেতেন বলে অভিযোগ করেন লিটু।

গুলিবিদ্ধ তিতাসকে কাঁধে নিয়ে দুর্গম পাহাড় পেরোলেন লিটু

লিটুর ভাষ্য অনুযায়ী, তিতাস গুলিবিদ্ধ হওয়ার পর তিনি সেনাসদস্যদের সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। তখন তার কোমরে বাঁধা দড়ি খুলে দেওয়া হয়। এরপর দ্রুত গুলিবিদ্ধ তিতাসকে কাঁধে তুলে নেন তিনি।

লিটু বলেন, সেনাবাহিনীর সদস্য এবং বন্দিদশা থেকে মুক্ত হওয়া আরও দুজনের সহযোগিতায় গুলিবিদ্ধ তিতাসকে কাঁধে নিয়ে কয়েকটি পাহাড় অতিক্রম করি। পথটি ছিল অত্যন্ত দুর্গম। সমতল পথের হিসাবে অনেক কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে আমাদের। পাহাড় পেরিয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় পৌঁছানোর পর তিতাসকে চিকিৎসার জন্য নেওয়া হয়।

সেনাবাহিনীর অভিযানের সময় এক সেনাসদস্যের সাথে কথা বলতে গিয়ে লিটু জানতে পারেন, তার বাড়িও ফরিদপুরে। পরে তিনি জানতে পারেন, ওই অভিযানে ফরিদপুরের চার সেনাসদস্য অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে তিতাস শেখ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

লিটু বলেন, সেনাবাহিনীর কর্মকর্তাদের কাছে আমি বন্দিশালার কার্যক্রম ও মানবপাচারকারী চক্রের সদস্যদের বিষয়ে বিভিন্ন তথ্য দিয়েছি। তাদের শনাক্ত করতেও সহযোগিতা করেছি।

চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেনাসদস্য তিতাস

আইএসপিআর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এসময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন সেনাসদস্য তিতাস শেখ। তার বাম কাঁধে গুলিবিদ্ধ হয়।

পরে তাকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টা ৪৮ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম আফজাল হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।