ইসরায়েলে হামলা চালালে মিশরকে সিনাই উপদ্বীপ হারাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (৫ অক্টোবর) নিজের বাসা থেকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
স্মোট্রিচ বলেন, ‘কীসের কারণে মিশর আমাদের আক্রমণ করবে না? এই উপলব্ধি যে, তারা যদি আমাদের আক্রমণ করে, তবে অন্তত সিনাই আর থাকবে না।’ এমন পরিস্থিতি ‘আর ঘটবে না’ বলেও মন্তব্য করেন তিনি। তবে তাঁর বক্তব্যের বিষয়ে মিশরীয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১৯৭৩ সালের যুদ্ধের স্মারক দিবস উদ্যাপনের প্রাক্কালে স্মোট্রিচের এই মন্তব্য এলো। ওই যুদ্ধের পরই দীর্ঘদিন ইসরায়েলের দখলে থাকা সিনাই উপদ্বীপ মিশরের কাছে ফেরত আসার পথ প্রশস্ত হয়েছিল।
এর আগে সোমবার মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, দেশ, সম্পদ ও জাতীয় নিরাপত্তা রক্ষায় মিশরের সশস্ত্র বাহিনী ‘যেকোনো সময়ে এবং যেকোনো পরিস্থিতিতে’ প্রস্তুত রয়েছে।
১৯৭৮ সালের ক্যাম্প ডেভিড চুক্তির পর ১৯৭৯ সালের মার্চে ওয়াশিংটন ডিসিতে শান্তি চুক্তি স্বাক্ষর করে মিশর ও ইসরায়েল। এর মাধ্যমে দুই দেশের মধ্যকার যুদ্ধাবস্থার অবসান ঘটে এবং সিনাই উপদ্বীপ থেকে ইসরায়েলের সরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়।
কয়েক দশক ধরে এই শান্তি চুক্তিই মিশর ও ইসরায়েলের আনুষ্ঠানিক সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে আসছে।


