ইরানকে লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগো ধ্বংস করতে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্পকে ‘মানসিক ভারসাম্যহীন ও বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন তিনি।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (৫ অক্টোবর) নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক নির্বাচনী সমাবেশে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ নিয়ে বক্তব্য দেন ট্রাম্প। যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব ও যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য এই অর্থনৈতিক প্রভাব খুবই সামান্য মূল্য।
বক্তব্যের একপর্যায়ে ইরানের একটি শহর ধ্বংস করার সক্ষমতার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘লস অ্যাঞ্জেলেস ধ্বংস করে দিক। সান ডিয়েগো ধ্বংস করে দিক। এটি খুবই সামান্য একটি মূল্য।’ একই সঙ্গে যুদ্ধ খুব শিগগির শেষ হবে বলেও দাবি করেন তিনি।
ট্রাম্পের বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজের এক্স অ্যাকাউন্টে ক্ষোভ প্রকাশ করেন নিউসাম। তাঁর অভিযোগ, ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা পাঠানোর পর এখন বিদেশি শত্রুদের দিয়ে লস অ্যাঞ্জেলেস ও সান ডিয়েগো ধ্বংস করার কথা বলছেন ট্রাম্প।
গভর্নরের দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকেও মন্তব্যটির নিন্দা জানানো হয়। সেখানে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের বড় দুটি শহরের এক কোটির বেশি বাসিন্দার ওপর হামলার পক্ষে কথা বলছেন প্রেসিডেন্ট। এমন বক্তব্যকে অস্বাভাবিক বলে উল্লেখ করে গভর্নরের দপ্তর।
নিউসামের পাশাপাশি লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস ও সান ডিয়েগোর মেয়র টড গ্লোরিয়াও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। বাস মন্তব্যটিকে বিপজ্জনক আখ্যা দেন। আর গ্লোরিয়া জানান, তাঁর শহর ও বাসিন্দাদের যুদ্ধের ক্ষয়ক্ষতির গ্রহণযোগ্য অংশ হিসেবে বিবেচনা করা যায় না।


