...|...|...

বিশ্ব

সৌদি উপকূলের কাছে মার্কিন হেলিকপ্টার ‘বিধ্বস্ত’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৮ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৯
Shares
সৌদি উপকূলের কাছে মার্কিন হেলিকপ্টার ‘বিধ্বস্ত’

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে লোহিত সাগরের ওপর দিয়ে ওড়ার সময় জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার। এরপর সেটিকে আর সর্বসাধারণের জন্য উন্মুক্ত ফ্লাইট-ট্র্যাকিং সেবায় দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হলেও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত হয়নি।

বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সৌদি আরবের পশ্চিম উপকূলীয় শহর ইয়ানবুর কাছে ঘটনাটি ঘটে। সিকোরস্কি এমএইচ-৬০আর সিহক মডেলের হেলিকপ্টারটি ‘VVHR512’ কল-সাইন ব্যবহার করছিল।

ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, জরুরি অবস্থা ঘোষণার সময় হেলিকপ্টারটির উচ্চতা দেখাচ্ছিল প্রায় ৪৭৫ ফুট। পরে প্রদর্শিত উচ্চতা শূন্যে নেমে আসে। এরপর ট্র্যাকিং সেবায় হেলিকপ্টারটির অবস্থানের তথ্য পাওয়া বন্ধ হয়ে যায়। 

আনাদোলু জানিয়েছে, সোমবার সন্ধ্যা পর্যন্ত মার্কিন নৌবাহিনী ঘটনাটি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি। হেলিকপ্টার ও এর ক্রুদের অবস্থা সম্পর্কেও কিছু জানানো হয়নি। কী কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।

তবে ফ্লাইট-ট্র্যাকিং সেবা থেকে অদৃশ্য হওয়া মানেই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়া নয়। বিএনও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাকিংয়ের সীমিত কভারেজ কিংবা ক্রুরা ট্রান্সপন্ডার বন্ধ করে দিলেও কোনো উড়োজাহাজের অবস্থান এসব সেবায় দেখা না যেতে পারে।