মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে স্থায়ী মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে স্টেডিয়ামের ভেতরে মসজিদের জন্য একটি সম্ভাব্য স্থানও নির্ধারণ করা হয়েছে।
সম্প্রতি নির্ধারিত স্থানটি পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত মসজিদে একসঙ্গে প্রায় ১০০ থেকে ১৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। স্টেডিয়ামে অবস্থানরত ক্রিকেটার, কোচিং স্টাফ, কর্মকর্তা, কর্মচারী ও দর্শনার্থীদের নামাজের সুবিধা নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
বর্তমানে অনুশীলন বা ম্যাচ চলাকালে নামাজের সময় হলে ক্রিকেটার ও সংশ্লিষ্টদের স্টেডিয়ামের বাইরে গিয়ে নামাজ আদায় করতে হয়। বিশেষ করে ম্যাচের ব্যস্ত সময়ে মাঠের কাছাকাছি স্থায়ী নামাজের স্থান না থাকায় বিড়ম্বনায় পড়তে হয় তাদের।
স্থায়ী মসজিদ নির্মাণ হলে স্টেডিয়াম প্রাঙ্গণেই নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি জুমার নামাজের সুযোগ তৈরি হবে।
মিরপুর স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়নে সাম্প্রতিক সময়ে আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। দর্শকদের সুবিধা বাড়াতে পূর্ব গ্যালারিতে প্রায় ২৭ হাজার বর্গফুটের ছাউনি নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্টেডিয়ামের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।
ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়াতেও বিভিন্ন উন্নয়নকাজ চলছে। এর অংশ হিসেবে মিরপুরে আধুনিক সুইমিংপুল নির্মাণের কাজ চলমান রয়েছে।
বিসিবির এসব উদ্যোগের লক্ষ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে শুধু ক্রিকেট ম্যাচ আয়োজনের ভেন্যু হিসেবে নয়, বরং ক্রিকেটার ও সংশ্লিষ্টদের জন্য আরও আধুনিক ও পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা।


