রাজধানীর মিরপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্যসহ আটজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা মিরপুর ও আশপাশের এলাকায় অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে একত্র হয়েছিলেন।
রবিবার (১৫ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার পশ্চিম কাজীপাড়া এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন জাতীয় সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট জেড হাছান মোহাম্মদ জিবুল (৪৬), কেন্দ্রীয় ওলামা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম সোলাইমান বিন গফুর (৪৫), কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (৪৫), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ধর্মবিষয়ক সদস্য মো. শাহজালাল ওরফে শাহীন (৪৫), বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক খন্দকার মো. নজরুল ইসলাম (৬৩), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হাসান শেঠ (৪৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অনলাইন অ্যাক্টিভিস্ট মো. তৌহিদুর রহমান খান (৪৬) এবং আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. আজিজুল হাসান (৫৮)।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তারা গোপনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা ও মিছিল আয়োজন করে আসছিলেন। পাশাপাশি অনলাইনেও সংগঠনটির বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা মিরপুরসহ আশপাশের এলাকায় অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপসহ নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে একত্র হওয়ার কথা জানিয়েছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের কয়েকজন বিভিন্ন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এর মধ্যে জেড হাছান মোহাম্মদ জিবুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে ‘প্রত্যাবর্তন ২.০’, ‘শেখ হাসিনার সৈনিক’ ও ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের মেসেঞ্জার গ্রুপে। এছাড়া ‘বঙ্গ চেতনায় জয়’ নামের হোয়াটসঅ্যাপ এবং ‘২৩ বঙ্গবন্ধু এভিনিউ’ ও ‘একাত্তরের হাতিয়ার’ নামের টেলিগ্রাম গ্রুপেও তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আনোয়ার হোসেনের বিরুদ্ধে ‘বাঙালি বাংলাদেশী’ নামের হোয়াটসঅ্যাপ এবং ‘মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ’ ও ‘মুজিব সৈনিক’ নামের মেসেঞ্জার গ্রুপে সক্রিয় থাকার তথ্য পেয়েছে পুলিশ। তৌহিদুর রহমান খান ‘জাতীয় তরুণ পার্টি’ ও ‘বঙ্গ চেতনায় জয়’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন বলে জানানো হয়েছে। শাহজালাল ওরফে শাহীনও ‘বঙ্গ চেতনায় জয়’ গ্রুপের সাথে যুক্ত ছিলেন।
এছাড়া খন্দকার মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ‘জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি’, ‘সচেতন নাগরিকবৃন্দ’, ‘বঙ্গবন্ধু পরিষদ’ ও ‘জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকার তথ্য দিয়েছে পুলিশ।
মো. আজিজুল হাসানের বিরুদ্ধে একাধিক হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে। এসব গ্রুপের মধ্যে রয়েছে ‘বঙ্গ চেতনায় জয়’, ‘বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটি’, ‘আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম গেরিলা বাহিনী’, ‘বাঞ্ছারামপুর উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’ ও ‘মৎস্যজীবী লীগের সংগ্রাম (ঢাকা মহানগর)’। এছাড়া ‘ঠিকানা ৭১ বাঞ্ছারামপুর তৃণমূল আওয়ামী পরিবার’, ‘(BSHSPB) শেখ হাসিনা সংগ্রাম পরিষদ, বাঞ্ছারামপুর উপজেলা শাখা, ব্রাহ্মণবাড়িয়া জেলা’, ‘ঠিকানা ধানমন্ডি ৩২ সেন্ট্রাল গ্রুপ’ ও ‘তৃণমূল আওয়ামী লীগ পরিবার’ নামের টেলিগ্রাম গ্রুপেও তার সম্পৃক্ততার কথা জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিরপুর বিভাগ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় মামলার তদন্ত চলছে। অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


